জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি একাত্তর ও জুলাই গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান এবং তৎকালীন গণহত্যার বিচার-সংক্রান্ত সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শুধু রায় ঘোষণা করলেই হবে না, দিল্লির সঙ্গে দ্রুত ও কার্যকর কূটনৈতিক আলোচনার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ইতোমধ্যে হয়েছে এবং তিনি নিজেও ওই মামলার একজন সাক্ষী।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ইতিহাসে দুইবার গণতন্ত্র ধ্বংস, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করা এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিত করা প্রয়োজন। জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার সম্পন্ন করতে এ পদক্ষেপ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শুরুতে নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ, আহত ও আন্দোলনে অংশ নেওয়া মানুষকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তৎকালীন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের পর আন্দোলন নতুন গতি পায় এবং দেশজুড়ে ছড়িয়ে পড়ে। তিনি ‘জুলাই উইমেন্স ডে’ পালনের ধারাবাহিকতা বজায় রাখারও আহ্বান জানান।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অপপ্রচার হচ্ছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, শুরু থেকেই আওয়ামী লীগ ও ভারতীয় কিছু গণমাধ্যম আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপির কয়েকজন সংসদ সদস্য ও নেতাও বিভিন্ন বক্তব্যে আন্দোলনের আত্মত্যাগকে খাটো করার চেষ্টা করছেন।
দেশজুড়ে দায়ের হওয়া মামলাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, ৫ আগস্টের পর প্রায় এক হাজার ৪৯৯টি মামলা হয়েছে। এর মধ্যে অনেক মামলায় অর্থ লেনদেন, চাঁদাবাজি, ব্যক্তিগত বিরোধ ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠেছে। এসব মামলা যাচাই-বাছাইয়ের উদ্যোগের বর্তমান অবস্থা সংসদে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে ধীরগতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বর্তমান প্রসিকিউশন টিম নতুন মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয়সংখ্যক দক্ষ আইনজীবী নিয়োগ এবং ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়াতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা সংসদে উপস্থাপনেরও দাবি জানান তিনি।
টিএই/এআরএম