Dhaka Mail Logo

রাজনীতি

যাদের ফার্মের মুরগি বলছেন, তাদের কারণেই আজ আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যাদের আপনি ‘ফার্মের মুরগি’ বলছেন, সেই শিক্ষার্থীরাই আন্দোলন করে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। তাদের কারণেই আজ আপনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রী বিভিন্ন জায়গায় নকলবিরোধী বক্তব্য দিলেও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারের সিদ্ধান্ত শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে ফেলেছে। হাঁটু থেকে বুকসমান পানির মধ্যেও পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে হয়েছে। এর পাশাপাশি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘প্রশ্নপত্রে ভুল থাকার পরও সরকার দুঃখ প্রকাশ করেনি। বরং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করা হয়েছে।’

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে এনসিপির এই নেতা বলেন, “আপনি যাদের ‘ফার্মের মুরগি’ বলছেন, সেই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। শিক্ষার্থীদের পরীক্ষাগারের গিনিপিগ বানাবেন না। কারণ আপনাদের সন্তানরা দেশের বাইরে পড়াশোনা করে, আর দেশের শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।”

সংবিধান সংশোধন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাবি করেছেন, সংবিধান সংস্কার পরিষদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। অথচ বর্তমান রাজনৈতিক বাস্তবতার অনেক বিষয়ই প্রচলিত সংবিধানের বাইরে ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় মানুষ দীর্ঘদিন ধরে বন্যার দুর্ভোগে রয়েছেন। কিন্তু এখনো অনেক এলাকায় পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ করেন তিনি।

সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং এ ঘটনায় তাকে থানায় মুচলেকা দিতে হয়েছে।

এ সময় গ্যাস সংযোগে অনিয়ম, ভূমি দখল এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগও তুলে ধরেন তিনি। পাশাপাশি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদা আদায়ের সংস্কৃতি বন্ধ করতে হবে।

পথসভায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহর প্রতি এনসিপির সমর্থনের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।

এআর