জেলা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম
বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বারবার বেইমানি করছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, বিএনপির প্রস্তাব ও পরামর্শের ভিত্তিতেই গণভোটের অধ্যাদেশ ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ এখন গণভোটের গণরায় নিয়ে দলটি কোনো কথা বলছে না।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে ১১ দলীয় জোট আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটে বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যেও ইতোমধ্যে ৬ থেকে ৭টি দফা লঙ্ঘন করেছে। ৩১ দফার প্রথম দফায় সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা বলা হয়েছিল। কিন্তু এখন তারা সংবিধান সংস্কারের বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
তিনি বলেন, যারা জুলাই সনদের পাশাপাশি নিজেদের দেওয়া ৩১ দফাও লঙ্ঘন করে, তারা কীভাবে মানুষের দুঃখ-কষ্ট লাঘব করবে, তা বোধগম্য নয়।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ইতিহাসের ধারায় জাতীয়তাবাদের যে রাজনীতি ছিল এবং শহীদ জিয়ার যে আদর্শিক রাজনীতি ছিল, তা থেকে আপনারা অনেক দূরে সরে গেছেন। সঠিক রাজনীতির পথে ফিরে আসার আহ্বান জানাই। অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানের মতো আরেকটি গণঅভ্যুত্থান ফিরে আসতে পারে।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবি পার্টির এই নেতা বলেন, বর্তমান লড়াই শুধু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের লড়াই নয়; এটি বাংলাদেশকে সবার রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লড়াই। সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই জুলাই সনদ ও গণভোটের মূল লক্ষ্য।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত এবং এবি পার্টির ফেনী জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহ।
এ ছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সেমিনারে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস