নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম
রাজধানীর আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বাকি আসামিদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) আদাবরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- শোয়েব, আরমান ও নয়ন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে আমাদের অভিযান চলছে।
আরও পড়ুন: জুলাই নিয়ে নিলুফার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন ছাত্রদল সভাপতি
উল্লেখ্য, রাজধানীর আদাবরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় বিএনপি নেতা মো. আবুল বাশার নিহত হয়। এ ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি মো. সাদ্দাম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে আটটায় আদাবরের নবোদয় হাউজিংয়ের চার রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আহত অবস্থায় আবুল বাশার ও সাদ্দামকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ওয়ান–স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে আবুল বাশার মারা যান। সাদ্দাম হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
একেএস/এআরএম