নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম
জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের ভূমিকায় দৃশ্যমান কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। তার মতে, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করলে সরকার ও বিরোধী দলকে প্রায় একই অবস্থানে দেখা যাচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
বুধবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আবদুর রব ইউসুফী এসব বলেন।
আবদুর রব ইউসুফী বলেন, বর্তমান জাতীয় সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা ‘আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ’ বলে তার ধারণা। যদিও নতুন সাইবার আইনের প্রেক্ষাপটে এ ধরনের মন্তব্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তবুও তিনি নিজের রাজনৈতিক পর্যবেক্ষণ তুলে ধরেন।
জমিয়তে উলামায়ে ইসলামের এই নেতা বলেন, সম্প্রতি সংসদে সাইবার আইন নিয়ে আলোচনা হলেও বিরোধী দলের পক্ষ থেকে আইনের মৌলিক বিরোধিতা দেখা যায়নি। বরং আইনটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। তার প্রশ্ন, যদি আইনটির অপব্যবহারের আশঙ্কা থেকেই থাকে, তাহলে এর বিরুদ্ধে শক্ত অবস্থান বা সরাসরি বিরোধিতা কেন দেখা গেল না।
জমিয়ত নেতা আরও বলেন, অতীতে এ ধরনের গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের সময় বিরোধী দলগুলো সংসদে তীব্র প্রতিবাদ, বর্জন কিংবা ওয়াকআউটের মতো কর্মসূচি পালন করেছে। কিন্তু বর্তমান সংসদে তেমন কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়নি।
মাওলানা ইউসুফী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে কোনো আইন যেন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়। একইসঙ্গে তিনি মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
এমআর/ক.ম