জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ জুন ২০২৬, ১২:১৮ এএম
দিনের কার্যসূচির একেবারে শেষ সময়ে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রোববার (২৮ জুন) বাজেট আলোচনার সমাপনী পর্বে সম্পূরক কার্যসূচিতে পূর্ব নোটিশ ছাড়াই দুটি বিল উত্থাপনের অভিযোগ তুলে আপত্তি জানিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।
দিনের বাজেট আলোচনায় শেষ বক্তা ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্যের পর সম্পূরক কার্যসূচি হিসেবে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল’ এবং ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) (সংশোধন) বিল’ উত্থাপন করা হয়।
আগাম নোটিশ ছাড়াই বিল দুটি উত্থাপন করা হয়েছে দাবি করে আপত্তি জানান জামায়াতের সংসদ সদস্যরা। তবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সময় মার্জনা করা হয়েছে। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
জামায়াতের নাজিবুর রহমান মোমেন বলেন, বিল উত্থাপনের আগে সদস্যদের কপি দেওয়ার নিয়ম থাকলেও তা দেওয়া হয়নি। কেন এভাবে বিল উত্থাপন করা হচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।
জবাবে ডেপুটি স্পিকার বলেন, তাঁর রেকর্ড অনুযায়ী ২৪ জুন বিল দুটি এসেছে। তখন নাজিবুর রহমান বলেন, রেকর্ডে থাকলেও তারা বিলের কপি পাননি।
এরপর বিল উত্থাপনের পর জামায়াতের শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ চান। তবে ডেপুটি স্পিকার জানান, ওই মুহূর্তে পয়েন্ট অব অর্ডার নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, ৩০০ বিধিতে একটি বিবৃতি রয়েছে এবং সে জন্য স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনাদের জন্য সুখবর আছে।’ তখন ডেপুটি স্পিকার বলেন, ‘বিবৃতিটা হোক, তারপর। আপনারা এত অধৈর্য হয়ে যান!’
এ সময় বিরোধী দলের সদস্যদের ‘ওয়াকআউট করলাম’ বলতে বলতে সংসদ কক্ষ ত্যাগ করতে দেখা যায়।
টিএই/ক.ম