Dhaka Mail Logo

রাজনীতি

লোডশেডিংয়ে জীবনমান পর্যুদস্ত হয়ে পড়েছে: নুরুল ইসলাম বুলবুল

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ জুন ২০২৬, ০১:০৬ পিএম

দেশের মানুষ লোডশেডিংয়ে পর্যুদস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য বলেছেন, নিরঙ্কুশভাবে বিদ্যুৎ এবং জ্বালানির নিশ্চয়তা না থাকায় লাগাতার লোডশেডিংয়ে জীবনমান পর্যুদস্ত হয়ে পড়েছে। মানুষ অতিষ্ট হয়ে গেছে। 

রোববার (২৮ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের বাজেট ২০২৬-২৭ মূল্যস্ফীতি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

বুলবুল বলেন, আমার নির্বাচনি এলাকা থেকে আমাকে বারবার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে মেসেজ দেওয়া হচ্ছে, ফোন দেওয়া হচ্ছ ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এখন বিদ্যুৎ কতক্ষণ থাকে না, বিদ্যুৎ কতক্ষণ পর পর যায় তা না; বিদ্যুৎ কতক্ষণ পর পর আসে সেই হিসাব। রাতে মানুষের ঘুম নেই। দিনে মানুষের জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে সরকার কী করছে এবং বিরোধী দল কী করছে সে বিষয়ে বলেন, আমরা বারবার সরকারের ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। তারা বলছেন- একটা গ্রিড নষ্ট হয়েছে; আরেকটা গ্রিড নষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, আমার নির্বাচনি এলাকায় বড় বড় কলকারখানা রয়েছে। বিশেষ করে অটো রাইস মিল। শত শত অটো রাইস মিল রয়েছে। একবার যদি বিদ্যুৎ বন্ধ হয় তাহলে সেই বিদ্যুৎ বন্ধ হওয়ার কারণে চালটা ক্ষুদে পরিণত হয়। প্রত্যেকটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ অতিষ্ট হয়ে যাচ্ছে। পরীক্ষার্থীরা আছে বেকায়দার মধ্যে। মোটামুটি গোটা বাংলাদেশের চিত্র একই। 

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরকারের ঊর্ধ্বতনদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, সংসদে মন্ত্রী ও এমপিরা স্বীকার করে না যে বাইরে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। বাইরে বিদ্যুৎ থাকে না। এইটা তারা স্বীকার করতে চায় না। এই জন্য আমি সংসদে বলেছিলাম যে, আমাদের সরকারি দলের ওই ট্রেজারি বেঞ্চে যারা যান তাদের চোখে একটা ম্যাজিক চশমা থাকে। ওনারা বাজারে গেলে সবকিছুর মূল্য কম নেয়। সব স্বাভাবিক এবং জনগণের পক্ষে দেখেন।

এমআইকে/এফএ