Dhaka Mail Logo

রাজনীতি

বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের সামনে প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন ২০২৬, ১১:০৬ পিএম

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরে সম্পাদিত সব চুক্তি ও সমঝোতা জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম।

শুক্রবার (২৬ জুন) নগর আমেলার মাসিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘দেশের স্বার্থ উপেক্ষা করে ব্যক্তি বা দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে একটি দেশ কখনোই বিশ্বমঞ্চে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে সম্পাদিত সব চুক্তির বিস্তারিত জনগণের সামনে তুলে ধরা উচিত।’

আহমদ আবদুল কাইয়ূম বলেন, ‘ফ্যাসিবাদী শাসনামল এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্পাদিত বিভিন্ন বৈদেশিক চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া কিছু চুক্তি দেশের জন্য দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষার স্বার্থে এসব চুক্তি সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ায় ব্যস্ত রয়েছেন বলে মন্তব্য করেন তিনি। জনগণ তার কাছ থেকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করে বলেও উল্লেখ করেন।’

নগর সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আলহাজ আবদুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- নগর সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, শিল্প ও সংস্কৃতি সম্পাদক জিয়াউল আশরাফ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসাইন, শেখ আবু তাহের, মুফতি আবদুল আহাদ ও হাফেজ সালাহউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমআর/এমআই