Dhaka Mail Logo

রাজনীতি

‘ফয়জুল করীমকে লক্ষ্যবস্তু বানানোর পরিণতি ভালো হবে না’

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন ২০২৬, ১১:২৯ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি ও মামলার লক্ষ্যবস্তু বানানো হলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন অগ্রণী নেতাকে ঘিরে এ ধরনের পদক্ষেপ প্রশ্নের জন্ম দিয়েছে। অভিযোগ যথাযথ যাচাই-বাছাই ছাড়া মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

বুধবার (২৪ জুন) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

তার দাবি, মামলার বাদী অতীতে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সরকার পরিবর্তনের পর নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে স্থানীয় বিএনপি নেতারা তাকে যুবদলের নেতা হিসেবে স্বীকৃতি দেন না বলেও উল্লেখ করেছেন তিনি।

গাজী আতাউর রহমানের অভিযোগ, পতিত ফ্যাসিবাদের দোসররা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের হয়রানির উদ্দেশ্যে মুফতি ফয়জুল করীমকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

তিনি বলেন, সাবেক যুবলীগ-সংশ্লিষ্ট একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে একজন জাতীয় নেতার বিরুদ্ধে দ্রুত মামলা গ্রহণের বিষয়টি প্রশ্নের জন্ম দিয়েছে।

গাজী আতাউর রহমান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলামের ভূমিকাও তদন্তের দাবি জানান। তার ভাষ্য, একজন জাতীয় নেতার বিরুদ্ধে করা অভিযোগ যথাযথ যাচাই-বাছাই ছাড়া মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি বা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত বলে তারা মনে করেন না। তবে যেহেতু বিএনপির পরিচয়ে একজন ব্যক্তি মামলা করেছেন এবং সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশ তা গ্রহণ করেছে, তাই বিষয়টির সমাধানের দায়িত্বও সরকারকেই নিতে হবে।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার, মামলার বাদী ও অভিযোগ গ্রহণ প্রক্রিয়া তদন্ত এবং কোনো ষড়যন্ত্র বা ফ্যাসিবাদের দোসরদের সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

গাজী আতাউর রহমান বলেন, সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নেয় তা তারা পর্যবেক্ষণ করবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বিষয়টির দ্রুত সমাধান হবে। অন্যথায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে অপতৎপরতার পরিণতি কারও জন্যই ভালো হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এমআর