জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ০১:২৬ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আটটি সিটি করপোরেশনের জন্য মেয়র পদে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী।
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে নির্ধারিত এসব প্রার্থীকে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।
গতকাল সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয় বলে সূত্রগুলো জানিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
দলীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম, জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি গত বছরের সাংগঠনিক কর্মকাণ্ডও পর্যালোচনা করা হয়।
সূত্রগুলোর দাবি, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মহানগর উত্তর জামায়াতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন, ঢাকা দক্ষিণে ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং চট্টগ্রাম সিটিতে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীকে মেয়র পদে মনোনয়নের জন্য চূড়ান্ত করা হয়েছে।
এ ছাড়াও বরিশাল সিটিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, খুলনা সিটিতে মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান এবং রংপুর সিটিতে মহানগর আমির এটিএম আজম খানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মহানগর শাখার আমির আবদুল জব্বার এবং গাজীপুর সিটিতে সাবেক শিবির নেতা হাফিজুর রহমানকে মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে।
বৈঠক সম্পর্কে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের বলেন, কেন্দ্রীয় মজলিসে শূরার ষান্মাসিক বৈঠকের আগে বিভিন্ন সাংগঠনিক, রাজনৈতিক ও স্থানীয় সরকার-সংক্রান্ত বিষয় নির্বাহী পরিষদে আলোচনা করা হয়েছে। এসব বিষয়ে দলীয় আমির প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
টিএই/এআরএম