Dhaka Mail Logo

রাজনীতি

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

২২ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

আগামীকাল (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশ ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে। দেশ পুনর্গঠনের কাজ চলমান থাকায় এ সময়ে নতুন কোনো অস্থিরতা জাতি প্রত্যাশা করে না। 

সোমবার (২২ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। 

এ প্রেক্ষাপটে জনগণের পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।

মাওলানা ইউনুস আহমদ বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের পর দেশ বর্তমানে একটি স্থিতিশীল পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময়ে কোনো ধরনের সহিংসতা বা অরাজক পরিস্থিতি দেশের জন্য কল্যাণকর হবে না।

সেনা মোতায়েনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তার মতে, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক শক্তির সহিংসতা চালানোর সক্ষমতা কতটুকু রয়েছে, সেটিও বিবেচনার বিষয়।

তিনি বলেন, ‘যে শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় জনতার রোষানলে পড়ে ক্ষমতাচ্যুত হয়েছে, তাদের মোকাবিলায় এখন সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে মাওলানা ইউনুস আহমদ বলেন, অতীতের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে দায় স্বীকার করা উচিত। তিনি সংশ্লিষ্টদের জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের কাছে আত্মসমর্পণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘অপরাধ স্বীকার না করে যদি কেউ সহিংসতার পথ বেছে নেয়, তাহলে তা তাদের রাজনৈতিক বিচ্ছিন্নতাকে আরও ত্বরান্বিত করবে।’

বিবৃতিতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকল রাজনৈতিক দল ও নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়।

এমআর/এএইচ