images

রাজনীতি

মনিরুলের বক্তব্যে ক্ষোভ, সংসদীয় শালীনতা রক্ষার আহ্বান জেডিপির

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম

জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নারী সংসদ সদস্যদের পর্দা ও পোশাক নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। 

দলটি বলেছে, জাতীয় সংসদের মতো সর্বোচ্চ নীতি-নির্ধারণী প্রতিষ্ঠানে ব্যক্তিগত পোশাক বা ধর্মীয় অনুশীলন নিয়ে কটূক্তি সংসদীয় সংস্কৃতির পরিপন্থী।

মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেডিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) প্রকৌশলী মাহতাব হোসেন (সাব্বির) এ মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, সংসদের সাম্প্রতিক অধিবেশনে মনিরুল হক চৌধুরী নারী সংসদ সদস্যদের পর্দা ও পোশাক নিয়ে যে মন্তব্য করেছেন, তা জনমনে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ, কারণ বক্তব্য দেওয়ার সময় তিনি নিজেও আলেমদের ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি পরিহিত ছিলেন। একদিকে ধর্মীয় পরিচয়ের প্রতীকী পোশাক ধারণ, অন্যদিকে পর্দানশীল নারী সহকর্মীদের পোশাক নিয়ে কটাক্ষ করায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে দাবি করে দলটি।

জেডিপি বলেছে, জুলাই গণঅভ্যুত্থানে নিকাবধারী ও পর্দানশীল নারীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে জুলাই-পরবর্তী সময়ে একজন সংসদ সদস্যের পক্ষ থেকে পর্দানশীল নারীদের পোশাক নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য অপ্রত্যাশিত ও দায়িত্বজ্ঞানহীন।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য ধর্মীয় অনুভূতিতে অযাচিত উত্তেজনা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এ ধরনের মন্তব্যের মাধ্যমে সরকারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলার কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা সংশ্লিষ্ট মহলের খতিয়ে দেখা উচিত।

জেডিপি মনে করে, জাতীয় সংসদে মতাদর্শগত বিতর্ক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে যুক্তি, তথ্য এবং জনস্বার্থভিত্তিক বিষয়ে। ব্যক্তিগত আক্রমণ, বিদ্রূপ কিংবা পোশাক নিয়ে কটাক্ষ সংসদীয় চর্চার অংশ হতে পারে না।

দলটি আশা প্রকাশ করে, মনিরুল হক চৌধুরী তার বক্তব্যের বিষয়ে জাতির কাছে ব্যাখ্যা দেবেন এবং ভবিষ্যতে সংসদ সদস্যরা পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংসদীয় শালীনতা বজায় রাখবেন।

বিবৃতিতে জেডিপি জানায়, সংসদে ও সংসদের বাইরে ধর্মীয় মূল্যবোধের সুরক্ষার প্রশ্নে তারা অতীতের মতো ভবিষ্যতেও দৃঢ় অবস্থান বজায় রাখবে।

এমআর/এএইচ