images

রাজনীতি

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তায় এনসিপির নিন্দা ও তিন দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম

জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকে কেন্দ্র করে ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় অভিনেতা মোশাররফ করিম ও তাঁর সহধর্মিণী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১৬ জুন) দলের যুগ্ম সদস্যসচিব ও সম্পাদক লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় কিছু আওয়ামী লীগ সমর্থক মোশাররফ করিমকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান ও কটূক্তি করেন। এতে অভিনেতা ও তাঁর স্ত্রী বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন।

এনসিপি দাবি করে, এ ঘটনার জন্য ৫ আগস্টের গণ–অভ্যুত্থানে পরাজিত হয়ে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা দায়ী। দলটির ভাষ্য, বিদেশের মাটিতে বসেও তারা দেশের বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উসকানি ও ভয়ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে।

আরও পড়ুন: হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের গুণী শিল্পী ও জাতীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে বিদেশে এ ধরনের আচরণ আন্তর্জাতিক শিষ্টাচারের পরিপন্থী এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা। এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে, পরাজিত অপশক্তি এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিপি তিন দফা দাবি উত্থাপন করেছে। প্রথমত, কলকাতায় সংঘটিত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে ভারত সরকারকে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, বিদেশে অবস্থানরত চিহ্নিত পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। তৃতীয়ত, হেনস্তার শিকার মোশাররফ করিম ও তাঁর স্ত্রীর নিরাপত্তা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে।

এনসিপি জানায়, দেশের ভেতরে বা বাইরে কোনো নাগরিকের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। গণতন্ত্র, আইনের শাসন এবং নাগরিকদের সম্মান ও নিরাপত্তা রক্ষায় দলটি সব সময় আপসহীন অবস্থানে থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমএইচ/এআর