জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭ জুন ২০২৬, ০৪:১৩ পিএম
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছে বিরোধী দল। এ লক্ষ্যে বাজেট অধিবেশনকে সামনে রেখে বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, আজ থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে জনগণের প্রতিনিধি হিসেবে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিরোধী দল সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখবে।
বৈঠকে বাজেট অধিবেশন উপলক্ষে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান, করণীয় ও কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এ সময় অধিবেশনে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
টিএই/এফএ