জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ জুন ২০২৬, ১১:৩৩ পিএম
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
শুক্রবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এবং বিভিন্ন ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তারা।
ডা. শফিকুর রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও তার সরকারের প্রতি রোহিঙ্গা ইস্যুতে সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সংকটটির স্থায়ী সমাধানে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তুরস্ক সরকারের প্রতি।
বৈঠকে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় যৌথ সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে।
এ সময় ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে প্রেসিডেন্ট এরদোয়ানের উদ্দেশে একটি শুভেচ্ছাবাণী ও বাংলাদেশে সফরের জন্য আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বাংলাদেশ সফরের জন্যও ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
বৈঠকে জামায়াতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল, মো. সেলিম উদ্দিন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।
টিএই/এমএইচআর