জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ জুন ২০২৬, ১০:০১ পিএম
ইসলামী ব্যাংক রক্ষায় বিরোধী দলের নেতাকর্মীরা মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি স্পষ্ট বলেন, ‘ব্যাংকটি নিয়ে টানাটানি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ইসলামী ব্যাংককে ঘিরে কোনো ধরনের দখল বা নিয়ন্ত্রণের চেষ্টা জনগণ মেনে নেবে না।’
বুধবার (৩ জুন) রাতে রাজধানীর মিরপুরে একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ‘সরকার ইসলামী ব্যাংককে সাবেক সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে।’ তিনি দাবি করেন, ‘অতীতে ব্যাংকটি থেকে বিপুল অঙ্কের অর্থ লুটপাট হয়েছে এবং আবারও ব্যাংক খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।’
জামায়াত আমির বলেন, ‘ইসলামী ব্যাংকের কোনো ক্ষতি হলে দেশের অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাই ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘জনগণের স্বার্থে জামায়াতে ইসলামী একটি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে। দলটি কখনোই গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় থাকবে না।’
চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, চাঁ‘দাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। দেশের ৩০০ সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিলে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব।’
আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ ও সংঘাতের কারণে বহু মানুষ এবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। বিশেষ করে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের মানুষ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে।’
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি খাতেও পড়ছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
জ্বালানি খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশে গ্যাসের মজুত কমে যাচ্ছে, কিন্তু নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগ দৃশ্যমান নয়। একই সঙ্গে জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে। জনগণের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিগগিরই এ বিষয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ কার্যকরভাবে পরিচালিত হলে দেশের অনেক সমস্যার সমাধান সম্ভব। সরকার ও বিরোধী দল একসঙ্গে জনগণের স্বার্থে কাজ করলে সংকট মোকাবিলা সহজ হবে।’
কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি এস এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন এবং অধ্যাপক আনোয়ারুল করিম।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টিএই/এএইচ