images

রাজনীতি

তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে মাঠে নামছে জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ জুন ২০২৬, ০৮:২৭ পিএম

জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। 

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি পালন করবে দলটির ঢাকা মহানগর শাখা।

বুধবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। 

সমাবেশে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

বুধবার বিদ্যুতের পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন ট্যারিফ ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ।

ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হয়েছে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ।

এর আগে গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জুন মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করে। নতুন দরে অকটেন ও পেট্রোলের পাশাপাশি কেরোসিনের দামও লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়। বর্তমানে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ১ জুন থেকে কার্যকর হয়েছে।

জামায়াতের নেতারা বলছেন, জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে এবং এর প্রভাব দ্রব্যমূল্যের ওপরও পড়বে। এ কারণে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

টিএই/এএইচ