images

রাজনীতি

সীমান্তে ‘পুশইন’ প্রতিরোধ, বিজিবিকে ধন্যবাদ জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত ‘পুশইন’ প্রচেষ্টা প্রতিরোধ করায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ধন্যবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২ জুন) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সীমান্তে অবৈধভাবে নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার ভারতীয় নীতি অত্যন্ত নিন্দনীয়। নাগরিকদের পরিচয় শনাক্ত করে কূটনৈতিক চ্যানেলে সমস্যার সমাধান না করে ‘পুশইন’ নীতি অনুসরণ করা অগ্রহণযোগ্য। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল, নিরাপত্তাহীন ও উদ্বেগপূর্ণ করে তোলে। বিএসএফ ও ভারতীয় কর্তৃপক্ষের এমন নীতির বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মিয়া গোলাম পরওয়ারের দাবি, গত ৩১ মে দিবাগত রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি বলেন, বর্তমানে নারী ও শিশুসহ ৮ থেকে ১০ জন ভারতীয় নাগরিক ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের অবিলম্বে ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করায় বিজিবিকে ধন্যবাদ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ভারতীয় বাহিনীর ‘পুশইন’ চেষ্টার বিরুদ্ধে কূটনৈতিকভাবে যথাযথ প্রতিবাদ জানাতে সরকার ব্যর্থ হয়েছে। তিনি সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে সীমান্ত অপরাধ প্রতিরোধ, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় অভ্যন্তরীণ ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

টিএই/ক.ম