নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৬, ০৩:৫৯ পিএম
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সরকারের যেসব ভুল আছে, সেগুলো সমালোচনার মাধ্যমে তুলে ধরা যেতে পারে।’
তবে চক্রান্ত, ষড়যন্ত্র কিংবা নানাভাবে ষড়যন্ত্রের ইঙ্গিত দেওয়ার রাজনীতি দেশের মানুষ কখনো ভালোভাবে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে গণতান্ত্রিক ধারার মধ্য থেকেই সমালোচনা ও মতপ্রকাশ হওয়া উচিত। রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির যেকোনো অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে।’
সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দলের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন রিজভী।
তিনি জানান, শনিবার (৩০ মে) বেলা ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবে বিএনপি। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
রিজভী আরও জানান, শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করবে দলটি। এছাড়া বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
এএইচ/এএইচ