images

রাজনীতি

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ মে ২০২৬, ০৯:৪৬ পিএম

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। 

বুধবার (২৭ মে) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, বুধবার ভোরে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে মাত্র এক থেকে দুই দিন বয়সি ছয়টি নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। ফুটফুটে এসব শিশুকে হারিয়ে তাদের পরিবার যে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী, এসির গ্যাস লিকেজ বা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। চিকিৎসালয়ের মতো একটি নিরাপদ স্থানে এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।

মিয়া গোলাম পরওয়ার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়ে বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা বা দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে তিনি নিহত নবজাতকদের জন্য দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে শিশুদের জান্নাতুল ফেরদাউস দান এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

এদিকে আদ-দ্বীনের এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। আগামী তিন দিনের মধ্যে কমিটিতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

টিএই/এএইচ