জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ মে ২০২৬, ০৩:০১ পিএম
চলতি মাসের শুরুর দিকে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নাম আলোচনায় আসে।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। এ ঘোষণার পরই সামাজিক মাধ্যমে সাদিক কায়েমকে অভিনন্দন জানাতে শুরু করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তার প্রার্থিতার বিষয়টি গুঞ্জন বলে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়।
তবে যাকে নিয়ে এত আলোচনা সেই সাদিক কায়েম অবশ্য মুখ খুলেননি এ নিয়ে। তবে সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঢাকা শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করার বার্তা দিয়েছেন। নেটিজেনরা ধারণা করছেন, এই ধরণের বার্তা মেয়র পদের জন্য তার প্রচারণা অংশ।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, স্মার্ট সিটি ম্যানেজমেন্ট পলিসির মাধ্যমে চীন তাদের শহরগুলোকে পুরো ‘নিট অ্যান্ড ক্লিন’ রেখেছে। ফেলে দেওয়া বর্জ্য থেকে উৎপাদন করছে বিদ্যুৎ, সার, গ্যাসের মতো সব সম্পদ! সমস্যাগুলোকে তারা সম্ভাবনায় পরিণত করেছে।
ডাকসুর ভিপি লিখেছেন, আমাদেরও আমাদের দেশের পরিবেশ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নানাবিধ স্মার্ট পলিসি গ্রহণ করতে হবে। সমস্যাগুলোকে সম্ভাবনায় রূপ দিতে হবে। এগিয়ে নিয়ে যেতে হবে এই দেশটাকে।
সম্প্রতি চীন দূতাবাসের আমন্ত্রণে এক সপ্তাহের চীন সফর শেষ করে দুদিন আগে দেশে ফেরেন সাদিক কায়েমসহ অন্য ডাকসু নেতারা।
বিইউ/এমআর