images

রাজনীতি

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ মে ২০২৬, ১২:১৫ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা দেশের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন করবেন। কেউ ঢাকায়, কেউ নিজ গ্রামে কিংবা নিজ এলাকার ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছে দলটি। পবিত্র হজ পালন করতে দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সৌদি আরবে অবস্থান করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ঢাকায়, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ঢাকায়, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ঢাকায় এবং নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।

এ ছাড়া দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে ঈদ করবেন। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম কুমিল্লার লাকসাম উপজেলার নিজ এলাকার ঈদগাহ মাঠে এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড়ে নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।

সূত্র আরও জানায়, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ ঢাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনীতে নিজ গ্রামে ঈদ করবেন।

এ ছাড়াও অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন।

টিএই/এফএ