images

রাজনীতি

বিএনপির ইচ্ছাতেই মার্কিন বাণিজ্য চুক্তি হয়েছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

২৬ মে ২০২৬, ১০:৩৬ পিএম

অন্তর্বর্তী সরকার নয়, বিএনপিই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, নির্বাচনের আগে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ব্যবহার করে চুক্তিটি করা হয়েছে এবং পরে সেটি অন্তর্বর্তী সরকারের ওপর চাপানো হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তাদের ধারণা চুক্তিটি বিএনপি করেছে। তবে নির্বাচনের তিন দিন আগে নিজেদের লোককে দিয়ে এটি অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে, এ বিষয়ে তাদের কিছু করার নেই এবং আগের সরকারই এটি করেছে—এটি রাজনৈতিক দায় এড়ানোর খেলা বলে মন্তব্য করেন তিনি।

এর আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রক্রিয়ায় তিনি বা পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত ছিলেন না এবং বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, যেহেতু আগের পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি সম্পর্কে জানেন না, তাই ধারণা করা যায় খলিলুর রহমানই এ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। তার মতে, বিষয়টি বিএনপির রাজনৈতিক পরিকল্পনার অংশ হতে পারে এবং এর দায় তাদেরই নিতে হবে। তিনি চুক্তিটি পুনর্বিবেচনা বা বাতিলের আহ্বান জানান এবং বাংলাদেশের স্বার্থবিরোধী অংশগুলো চিহ্নিত করে তা রক্ষায় প্রয়োজনীয় আলোচনা চালানোর দাবি করেন।

তিনি আরও জানান, চুক্তি বিষয়ে এনসিপিকে কোনো ধরনের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তার ভাষ্য অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি, নির্বাচনের তিন দিন আগে চুক্তিটি সম্পন্ন হয়। এ কারণে এ বিষয়ে দলের কারও কাছে কোনো অফিসিয়াল তথ্য ছিল না বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ঝিনাইদহে দলীয় কর্মসূচির সময় তার ওপর হামলায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি পুলিশেরও সম্পৃক্ততা ছিল।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব ও কোষাধ্যক্ষ এস এম সাইফ মোস্তাফিজসহ অন্যরা।

এআর