images

রাজনীতি / সারাদেশ

জনগণের রায় উপেক্ষা করে সরকার চোখ উল্টে দিয়েছে: পরওয়ার

জেলা প্রতিনিধি

২৩ মে ২০২৬, ০৭:২০ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মেয়াদের শুরুতেই ক্ষমতাসীন দল জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে। তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে। পৃথিবীর আর কোনো সরকার গণভোটের রায়কে অস্বীকার করেছে এমন নজির নেই। আর এ কারণেই দেশে এমন সংকট দেখা দিয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পিরোজপুর কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বর্তমান সরকারের উদ্দেশে আরও বলেন, ‘সমস্যা আপনারা তৈরি করেছেন, সমাধান আপনাদেরই করতে হবে। আমাদেরকে সব সময় দায়িত্বের প্রতি ও আন্দোলনের প্রতি গঠনমূলক পাবেন। জামায়াতে ইসলামীর রুকনদের দায়িত্ব হচ্ছে একদিকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, অন্যদিকে আন্দোলনকে লক্ষ্যপানে পৌঁছে নেওয়া এবং সব কর্মসূচি সফল করা।’

জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী প্রমুখ।

অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, জামায়াতে ইসলামীর রুকনদের সামাজিক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব। বর্তমানে জামায়াতে ইসলামী সামাজিক কর্মকাণ্ডে অধিক গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্র পরিচালনার জন্য দলের কর্মীদের মানবিক ও জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় হতে হবে।

সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আল্লাহ তায়ালা প্রতিপক্ষের অন্তরে আমাদের প্রতি এমন ভয় সৃষ্টি করে দিয়েছেন যে, তারা মনে করে একসময় বাংলাদেশ ব্যাংকও দেউলিয়া হয়ে যেতে পারে; কিন্তু জামায়াতে ইসলামী কখনো দেউলিয়া হবে না।’ 

তিনি আরও বলেন, এই সংগঠনের অর্থ সাধারণ মানুষের কাছ থেকে আসে এবং তা মানুষের কল্যাণে ২৫ টাকা হিসেবে ব্যয় করার চেষ্টা করা হয়। অথচ অন্যরা বিপুল অর্থ পেলেও তা নিজেদের স্বার্থেই ব্যয় করে।

প্রতিনিধি/একেবি