images

রাজনীতি

মোহাম্মদপুরে হাট বসানো নিয়ে বিএনপি-স্বেচ্ছাসেবকদলের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

২৩ মে ২০২৬, ০৫:৩৬ পিএম

‎রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ও পাশের সড়কে কোরবানি ঈদ উপলক্ষে ছাগলের হাট বসানোকে কেন্দ্র করে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর কোরবানি ঈদ উপলক্ষে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ও পাশের সড়কে ছাগলের হাট বসে৷ এবার এ হাট কার দখলে থাকবে তা নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এ বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। 

Screenshot_20260523-170008
‘ছাগলের হাট কে বসাবে’- এ নিয়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ

 

‎এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি এক পদধারী নেতা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, স্থানীয় থানা বিএনপি নেতা এনায়েতুল হাফিজ ও স্বেচ্ছাসেবকদল নেতা লিটন মাহমুদ বাবুর মধ্যে ‘ছাগলের হাট কে বসাবে’- এ নিয়ে কথা কাটাকাটি হয়৷ একপর্যায়ে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী তাদের পক্ষ হয়ে যোগ দিলে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

‎এদিকে একাধিক গোয়েন্দা সংস্থার বরাতে জানা যায়, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবদলের আহ্বায়ক লিটন মাহমুদ বাবু, মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আল আমিন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি, ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনসহ আরও কয়েকজনের একটি দল সংঘর্ষে জড়ায়।

‎অন্যদিকে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে আরেকটি দল সংঘর্ষে জড়ায়। ‎এ ঘটনার পর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‎এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘ঘটনাটি সম্পর্কে প্রাথমিকভাবে সামান্য বাকবিতণ্ডা হয়েছে বলে জানা গেছে’। তিনি বলেন, ‘বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নই। কী কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।’ 

‎একেএস/ক.ম