images

রাজনীতি

‘ভায়োলেন্স’ চাইলে আমাদের চেয়ে বেশি কেউ পারবে না: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

২২ মে ২০২৬, ০৯:২৭ পিএম

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি হামলার ঘটনায় জড়িতদের আজ শুক্রবার রাতের মধ্যেই গ্রেফতারের দাবি জানান।

তিনি বলেন, ‘যদি গ্রেফতার না করা হয়, আর আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, তাহলে আমাদেরও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে।’

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, বিরোধী দল বারবার সদিচ্ছা দেখালেও সরকার সংঘাতের পথ বেছে নিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের রক্ত গরম হলেও আমরা জানি কখন কী করতে হয়, কখন দেশ গড়ার কাজে মনোযোগ দিতে হয়। কিন্তু সরকার যদি ভায়োলেন্সকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নেয়, তাহলে সেটা যে আমাদের থেকেও বেশি কেউ পারবে না, তা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘আপ বাংলাদেশ’-এর ঢাকার দুই মহানগরের ২২৯ জন নেতা-কর্মী এনসিপিতে যোগ দেন।

আরও পড়ুন: নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

আসিফ মাহমুদ বলেন, সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়নের মাধ্যমে মোকাবিলার চেষ্টা করছে। তার মতে, এ ধরনের কৌশল দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের পর থেকে বিরোধী দল বারবার গণভোটের রায় বাস্তবায়নসহ জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে তারা নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যেও একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা বলছে। কিন্তু সরকার পক্ষ থেকে এর বিপরীতে সংঘাতের প্রবণতা দেখা যাচ্ছে বলে তিনি দাবি করেন।

সংঘাতের বিষয়ে সতর্ক করে আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের সঙ্গে যদি এটা করতে চান, এই লড়াইটা কোনো রাজনৈতিক দল, মতাদর্শ বা সংগঠনের সঙ্গে হবে না; এই লড়াই হবে পুরো একটা প্রজন্মের সঙ্গে।’ তিনি আরও বলেন, অতীতে এই প্রজন্মের সঙ্গে লড়াই করতে গিয়ে ভুল করেছিলেন শেখ হাসিনা। তিনি আশা প্রকাশ করেন, একই ভুল তারেক রহমান করবেন না।

তিনি অভিযোগ করেন, সহযোদ্ধাদের ওপর হামলায় জড়িতদের পরিচয় ভিডিও ফুটেজ ও ছবিতে শনাক্ত করা গেছে। তাদের আজ রাতের মধ্যেই গ্রেপ্তারের দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি পুনরায় সতর্ক করেন, ‘যদি গ্রেপ্তার না করা হয় এবং ভায়োলেন্স বেছে নেওয়া হয়, তাহলে আমরাও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হব।’

বিএনপি সরকারের বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচনের পর থেকে খুন, ধর্ষণ ও নিরাপত্তাহীনতা চরমভাবে বেড়েছে। মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, বিশেষ করে নারী ও শিশুরা।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সমালোচনা করে তিনি বলেন, মাঝে মাঝে মনে হয় তিনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ভূমিকা পালন করছেন। তিনি দায়িত্ব পালনে ব্যর্থ বা অনাগ্রহী বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন: পাটওয়ারীর ওপর হামলা নিয়ে এনসিপি-ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য

অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী জুমার নামাজের পর মতবিনিময়ের ঘোষণা দিয়েছিলেন, তখনই পরিকল্পিতভাবে ছাত্রদল–যুবদলের নেতাকর্মীরা তাঁর ওপর হামলা চালায়। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যথাযথ বিচার হয়নি।

ঢাকার পল্লবীতে আট বছরের শিশুকে হত্যার ঘটনাকে ‘নৃশংস’ উল্লেখ করে তিনি বলেন, শুধু সহমর্মিতা নয়, দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। অন্যথায় জনগণ এসবকে আর গ্রহণ করবে না।

তিনি আরও বলেন, অতীতে ছাত্রলীগ–যুবলীগের মতো কোনো সংগঠন যদি রাজনৈতিক আন্দোলন দমনে সন্ত্রাসী কৌশল নেয়, তবে তার পরিণতি আরও কঠোর হবে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন বা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দমন-পীড়ন মেনে নেওয়া হবে না।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। সঞ্চালনা করেন যুগ্ম সদস্যসচিব শাহরিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এআর