জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ মে ২০২৬, ০৯:৪৬ পিএম
মির্জা ফখরুলের বক্তব্যকে ‘রাজনৈতিক দেউলিয়াত্ব’ বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী।
দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তা অসত্য, উসকানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বুধবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে গৎবাঁধা মিথ্যাচার ও বিষোদ্গার করেছেন, তা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন। রাজনৈতিক দেউলিয়াত্ব এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যেই তিনি জামায়াতের মতো সুশৃঙ্খল ও গণমুখী ইসলামী দলের বিরুদ্ধে কুৎসা রটানোর পথ বেছে নিয়েছেন।’
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ধর্মকে কেন্দ্র করে কোনো ‘ব্যবসা বা ভণ্ডামি’ করে না। বরং যারা ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে, সেটি বিএনপির ক্ষেত্রে বেশি প্রযোজ্য বলে তিনি দাবি করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশবাসী ভালো করেই জানেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক দল। অতীতে জনগণ ভোট দিয়ে জামায়াতকে সংসদে পাঠিয়েছে এবং আমাদের প্রতিনিধিরা সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’
তিনি বলেন, জনগণের রায় অস্বীকার করা মানে গণতন্ত্রকে অস্বীকার করা। ঠাকুরগাঁওয়ের একটি সভায় জামায়াতকে নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা জনমতকে বিভ্রান্ত করার অপচেষ্টা বলে তিনি মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান অব্যাহত থাকবে।
বিবৃতির শেষে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে জামায়াতের বিরুদ্ধে অসত্য ও উসকানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করা উচিত এবং এ ধরনের মন্তব্য প্রত্যাহার করা প্রয়োজন।
এছাড়া তিনি দাবি করেন, মিথ্যা ও কুৎসার ওপর ভিত্তি করে টেকসই রাজনীতি সম্ভব নয়; বরং সত্য ও জনকল্যাণমূলক রাজনীতিই দেশের জন্য উপযোগী।
টিএই/এএইচ