নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৬, ০২:২৩ পিএম
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, মতপার্থক্য বা চিন্তার অমিল থাকতেই পারে, কিন্তু সেই বিরোধের সমাধান কখনো হামলা, ভাঙচুর কিংবা শক্তি প্রয়োগের মাধ্যমে হতে পারে না। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সমাজের ভিন্নমত এবং ধর্মীয় বিশ্বাসের জায়গাগুলোকে সহনশীলতা ও যুক্তির মাধ্যমে মোকাবিলা করতে হবে।
রোববার (১৭ মে) শাহ আলী (র.) মাজার এলাকায় মাজারে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মঞ্জু বলেন, কোনো আলেম কখনো মানুষকে মাজার ভেঙে দিতে বা ভক্ত-আশেকানদের ওপর হামলা করতে বলেননি। সমাজে দ্বিমত থাকতে পারে, ধর্মীয় ব্যাখ্যায় পার্থক্য থাকতে পারে, কিন্তু একজন আরেকজনকে বোঝানোর পথ হতে হবে যুক্তি ও আলোচনার মাধ্যমে। হামলা বা সহিংসতার মাধ্যমে কাউকে দমিয়ে দেওয়ার সংস্কৃতি সমাজে ভয়াবহ অস্থিরতা তৈরি করবে।
তিনি বলেন, দেশে এমন একটি পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে মতের অমিল হলেই আক্রমণ বা প্রতিহিংসার পথ বেছে নেওয়া হচ্ছে, যা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। মাজারে হামলাকে তিনি শুধু একটি স্থাপনায় হামলা হিসেবে নয়, বরং ভিন্নমতের মানুষের ওপর আক্রমণ হিসেবে দেখার আহ্বান জানান।
তিনি বলেন, সমাজকে সহিংসতা দিয়ে বদলানো সম্ভব নয়। কয়েকজন মানুষকে মারধর করে, গাঁজা পুড়িয়ে বা মাজারে হামলা চালিয়ে সমাজকে শুদ্ধ করা যাবে না। রাষ্ট্রের ভেতরে যে বৈষম্য, অবহেলা ও সামাজিক সংকট রয়েছে, সেগুলো দূর না করলে সমস্যার সমাধান হবে না। তিনি তরুণদের উদ্দেশে বলেন, রাষ্ট্র সংস্কারের কথা সবাই বলছে, কিন্তু সেই সংস্কারের মূল জায়গা হতে হবে মানুষের প্রতি সহমর্মিতা ও ন্যায়বিচার নিশ্চিত করা।
সমাজের অবহেলিত ও বিপথগামী মানুষের জীবনের গল্প শোনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, অনেক মানুষকে আমরা বাইরে থেকে দেখে বিচার করি, কিন্তু তাদের জীবনের কষ্ট, একাকিত্ব কিংবা বঞ্চনার ইতিহাস জানি না। একজন মাদকাসক্ত বা বিপথগামী মানুষ কেন সেই পথে গেল, তার পেছনের বাস্তবতা বোঝার চেষ্টা সমাজ খুব কমই করে। মানুষের জীবনের গল্প না জেনে শুধু ঘৃণা ও আক্রমণের রাজনীতি সমাজকে আরও অমানবিক করে তুলছে।
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, মাদকবিরোধী অভিযান শুধু সাধারণ মানুষের বিরুদ্ধে পরিচালিত হলে হবে না। যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় বসে মাদক গ্রহণ করেন বা এসবের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সচিবালয় ও জাতীয় সংসদ থেকেই মাদকবিরোধী অভিযান শুরু করার আহ্বান জানান তিনি।
প্রতিটি মাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে মঞ্জু বলেন, হামলাকারীদের অন্তত শনাক্ত করতে হবে। ভবিষ্যতে তারা ভোট চাইতে এলে মানুষ যেন চিনতে পারে কারা ভাঙচুর ও হামলার সঙ্গে জড়িত ছিল। বিরোধিতা থাকলে তা বক্তব্য, বিতর্ক ও যুক্তির টেবিলে হবে। কোনো অপসংস্কৃতি, অনৈতিকতা বা ভুল কাজ নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনাও হতে পারে, কিন্তু শক্তি প্রয়োগ বা সহিংসতা কখনো গ্রহণযোগ্য হতে পারে না।
এমআর/এআরএম