images

রাজনীতি

মাদক কোথা থেকে আসে, সরকারকে তা খুঁজে বের করতে হবে: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক

১৫ মে ২০২৬, ০২:৫৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদক কোথা থেকে আসে, কার মাধ্যমে আসে—সরকারকে তা খুঁজে বের করতে হবে। সীমান্তে হত্যা ও মাদক দমন না হওয়ার দায় সরকার এড়াতে পারে না।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের সামনে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে মানুষ মরে, সরকার কী করে? স্বরাষ্ট্রমন্ত্রী কী করে? যদি মাদকের কোনো পারসেন্টেজ না আসে, তাহলে সীমান্তে মাদক দমন করা হচ্ছে না কেন— এই প্রশ্ন আমরা রেখে গেলাম।

তিনি আরো বলেন, শেখ হাসিনার আমলে ইয়াবা ব্যবসা চলত। তাহলে আজও ঢাকা শহরে ইয়াবা কোথা থেকে আসে? কোন লোকের মাধ্যমে আসে? সরকারকে সেটা খুঁজে বের করতে হবে। ফেন্সিডিল আর ইয়াবা কারা চালায়, কারা এসবের সঙ্গে জড়িত— তা তদন্ত করতে হবে।

এনসিপির এই নেতা বলেন, আমরা তরুণদের জন্য শপথ নিচ্ছি, বাংলাদেশ থেকে আমরা ফেন্সিডিল ও ইয়াবাকে বিদায় করব। আমাদের কোনো দল নাই, আমাদের একটাই দল— সেই দলের নাম বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সবাইকে দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন, আমাদের আজাদির লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা মসজিদভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। আলেমদের নেতৃত্বে মসজিদভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

এএইচ/এফএ