images

রাজনীতি

যতই ন্যারেটিভ দাও, আমৃত্যু তারেক রহমানের পাশে থাকব: আমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ মে ২০২৬, ০৯:৪৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তায় নিয়োজিত এক সদস্যের ধাক্কা দেওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।

এ ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের এ ধরনের জনসমাগমপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এমন অনেক ঘটনা ঘটে। হয়তো কোনো সদস্যের পেশাদারত্বে ঘাটতি থাকতে পারে, তবে তিনি নিশ্চিত, সংশ্লিষ্ট এসএসএফ সদস্য ইচ্ছাকৃতভাবে এটি করেননি। উপচেপড়া ভিড়ের মধ্যে মুহূর্তের আবেগেই ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার (১২ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আমান এসব কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, তারেক রহমানের জন্য তিনি সবকিছু উজাড় করে দিতে পারেন, অপমান সহ্য করতে পারেন এবং দ্বিধাহীনভাবে জীবনের ঝুঁকিও নিতে পারেন।

ছাত্রদল নেতা আমান পোস্টে লিখেছেন, যার নির্দেশনায় দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এ প্রজন্মের ছাত্রদল আপসহীনভাবে রাজপথে ছিল এবং যার প্রতি ভালোবাসা থেকে এ প্রজন্মের জাতীয়তাবাদীরা জীবনের অনেক কিছু বিসর্জন দিয়েছে, কিন্তু তাঁর প্রশ্নে কখনো আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। তাঁদের সেই ভালোবাসার অবিকল্প নাম তারেক রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন, এটি তাঁদের জন্য পরম আনন্দের।

aman

তিনি আরও লিখেছেন, তাঁদের কাছে যেমন তারেক রহমান আবেগের সর্বোচ্চ জায়গা, তেমনি তিনি দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জনসমাগমপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে সদস্যদের হিমশিম খেতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে আল বদর ও পতিত ফ্যাসিস্টের দোসররা মজা নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সমালোচকদের নিজেদের বলার মতো কিছু নেই বলেই তারা সব সময় পরনিন্দা ও পরচর্চায় ব্যস্ত থাকে। তিনি আরও বলেন, যে তারেক রহমান দেশের জন্য তাঁর বাবাকে হারিয়েছেন, একমাত্র ভাইকে হারিয়েছেন এবং নিজের ও মায়ের ওপর দিয়ে বয়ে যাওয়া অবর্ণনীয় নির্যাতন সহ্য করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তাঁর জন্য তিনি সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।

ফেসবুকে সমালোচনাকারীদের উদ্দেশে আমান বলেন, তোমরা যতই বস্তাপচা ন্যারেটিভ দাও না কেন, আমি আমান তারেক রহমানের পাশে থাকবই, ভ্যানগার্ড হয়ে থাকব, আমৃত্যু থাকব ইনশাআল্লাহ।

বিইউ/এআর