Dhaka Mail Logo

রাজনীতি

মা একটি অপরিহার্য মহিমান্বিত প্রতিষ্ঠান: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ মে ২০২৬, ০৭:০৯ পিএম

আন্তর্জাতিক মা দিবসে বিশ্বের সব মায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পরিবারে মা একটি অপরিহার্য ও মহিমান্বিত প্রতিষ্ঠান।

রোববার (১০ মে) মা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছেন মা। যদিও মাকে শ্রদ্ধা জানাতে কোনো নির্দিষ্ট দিন বা ক্ষণের প্রয়োজন হয় না।

তিনি বলেন, মা একটি ছোট শব্দ হলেও এর ব্যাপকতা অসীম। মা সন্তানকে পৃথিবীর আলো দেখান। তাই মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে। তবু বিশেষভাবে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই এই দিনটির গুরুত্ব।

বিএনপি মহাসচিব বলেন, মা একটি অপরিহার্য ও মহিমান্বিত প্রতিষ্ঠান। মহিয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। সুমাতার সান্নিধ্যে সন্তানের উৎকর্ষতা ও প্রকৃত মানবসত্তার জাগরণ ঘটে, যা সন্তানের আত্মাকে করে নির্মল।

তিনি আরও বলেন, সন্তানের সাফল্যের মূলেও থাকেন মা-ই। নিবেদিতপ্রাণ এই মানুষটি সন্তানদের গড়ে তুলতে সর্ব অর্থে আপসহীন ও সংগ্রামী ভূমিকা রাখেন। মা-ই অনেক শক্তির আধার।

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া–এর কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় নারী সমাজের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। আর্থসামাজিক অগ্রগতিতে তার অবদান কিংবদন্তিতুল্য। লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি দায়িত্ব থেকে বিচ্যুত হননি। এ কারণেই তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ‘গণতন্ত্রের মা’ হিসেবে সর্বজন শ্রদ্ধেয়।

মির্জা ফখরুল বলেন, মা দিবসে তিনি দেশের সব নাগরিককে আহ্বান জানান—মায়েদের প্রতি যথাযথ সম্মান ও দায়িত্ব পালনের জন্য সচেতন থাকতে হবে। কারণ, সুনাগরিক হিসেবে সন্তান গড়ে ওঠার অন্যতম প্রধান ভিত্তি হলো মায়ের মর্যাদা উপলব্ধি করা।

বিইউ/এআর