নিজস্ব প্রতিবেদক
০৯ মে ২০২৬, ০৮:২৩ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, দেশে মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরেই উচ্চমাত্রায় রয়েছে, যা নিম্নবিত্ত ও নির্ধারিত আয়ের মধ্যবিত্ত মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। মূল্যস্ফীতি এখন সাধারণ মানুষের জন্য জীবন সংগ্রামে পরিণত হয়েছে।
শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন সরকার পরিবর্তন হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো স্থায়ী অগ্রগতি দেখা যায়নি। বর্তমান পরিস্থিতিতেও মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামেনি। তিনি দাবি করেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হয়েছে, সেখানে বাংলাদেশ এখনো তা করতে পারেনি।
ইউনুস আহমদ বলেন, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়েছে এবং এপ্রিল মাসে তা আগের মাসের তুলনায় আরো বেড়েছে। সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দৃশ্যমান না থাকায় জনআস্থা তৈরি হচ্ছে না এবং বাজার পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসছে না।
ইউনুস আহমদ অভিযোগ করেন, বৈশ্বিক পরিস্থিতি বা জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে দায় এড়িয়ে যাওয়া হচ্ছে। বরং বাজারে সিন্ডিকেট ও মুনাফাখোর চক্র সক্রিয় থাকলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরো বলেন, মূল্যস্ফীতি শুধু জ্বালানির দাম বৃদ্ধির কারণে নয়; বরং সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, আমদানি ব্যয় বৃদ্ধি, ডলারের চাপ, বাজার আচরণ এবং মূল্যস্ফীতির প্রত্যাশাও এর পেছনে কাজ করছে। এসব বিষয় নিয়ন্ত্রণে সরকারের আরো কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব ছিল।
বিবৃতিতে তিনি আরো বলেন, ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকার কিছু আশাব্যঞ্জক উদ্যোগ নিলেও বাস্তব পরিবর্তন সীমিত ছিল। নতুন সরকার গঠনের পরও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি, বরং মূল্যস্ফীতি আরো বেড়েছে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং সিন্ডিকেট দমন করতে হবে। একই সঙ্গে জনগণকে গণতান্ত্রিক সরকারের সুফল অনুভব করানোর পরিবেশ তৈরি করার ওপর গুরুত্ব দেন তিনি।
এমআর/এফএ