images

রাজনীতি

‘শাপলার ইতিহাস কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

০৭ মে ২০২৬, ০৯:২৯ পিএম

ঐতিহাসিক শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে তা কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারীস সিরাজী বলেন, শাপলা চত্বরে সংঘটিত ঘটনা বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ঘটনার সঙ্গে জড়িত ত্যাগ, সংগ্রাম ও বাস্তবতা সম্পর্কে নতুন প্রজন্মকে সঠিক ধারণা দিতে কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকে শাপলার ইতিহাস অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।

ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি সাইফ বিন জামালের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সাব্বির বিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ সাআদ বিন জাকির।

এছাড়া বক্তব্য দেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা কবির আহমদ, শাহিদ আদনান, ইমরান হোসাইন ও শাহাদাত হোসাইন প্রমুখ।

সভায় ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ সাআদ বিন জাকির বলেন, শাপলা চত্বরের ঘটনায় বহু আলেম-ওলামা, তৌহিদী জনতা ও সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল। তাদের আবেগ, আত্মত্যাগ ও আন্দোলনের পেছনের প্রেক্ষাপট ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণ করা জরুরি।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সত্য ও বাস্তব ইতিহাস জানতে পারে, সে লক্ষ্যে কওমি শিক্ষাব্যবস্থায় এ বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
অনুষ্ঠানের শেষে শাপলা চত্বরে নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।

এমআর/এআরএম