images

রাজনীতি

বরকত উল্লাহ বুলুর ব্ক্তব্য উদ্ভট ও শিষ্টাচারবিরোধী: জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ মে ২০২৬, ০৭:১০ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর ‘জামায়াতে ইসলামী মাদকের চেয়েও ডেঞ্জারাস’ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ বক্তব্যকে বিদ্বেষমূলক, বিভ্রান্তিকর ও রাজনৈতিক শিষ্টাচারবিরোধী বলে উল্লেখ করেছে।

বুধবার (৬ মে) দেওয়া এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ৫ মে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৌরণবিবি-মুনসির হাট খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বরকতউল্লা বুলু ‘জামায়াতে ইসলামী হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস’—এমন মন্তব্য করেছেন, যা উদ্ভট ও বিভ্রান্তিকর।

বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক ইসলামী সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নৈতিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি রাজনৈতিক দলের নেতার মুখ থেকে এ ধরনের বক্তব্য জাতির রাজনৈতিক সংস্কৃতির জন্য অকল্যাণকর।

তিনি আরও বলেন, মতপার্থক্য থাকতে পারে, তবে রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রাখা সকল রাজনৈতিক নেতার দায়িত্ব। রাজনৈতিক প্রতিপক্ষকে হেয়প্রতিপন্ন করতে অবমাননাকর ভাষা ব্যবহার গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় জনগণের পাশে থাকবে।

একই সঙ্গে বরকতউল্লা বুলুকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে দায়িত্বশীল আচরণ করার এবং বিভেদ ও উসকানিমূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানানো হয়।

টিএই/এআর