images

রাজনীতি

ঋণখেলাপি সংস্কৃতি ও পাচার বন্ধ করতে হবে: সারজিস

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ মে ২০২৬, ০৪:৩০ পিএম

দেশে ঋণখেলাপি সংস্কৃতি ও অর্থ পাচার বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ভবিষ্যতে মেগা প্রকল্পের নামে যেন কোনো ধরনের দুর্নীতি বা লুটপাট না ঘটে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, গত ১৬ বছরে দেশে বিভিন্ন মেগা প্রকল্পের আড়ালে ব্যাপক লুটপাট হয়েছে। এসব প্রকল্পের ফলে অনেক ক্ষেত্রে জনগণ প্রত্যাশিত সুফল পায়নি; বরং দীর্ঘমেয়াদে তা জনগণের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান সময়েও বিভিন্ন রাজনৈতিক শক্তি ও অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সমালোচনা হচ্ছে। তবে অতীতের দীর্ঘ সময়ের অনিয়ম ও শোষণের ইতিহাস যেন ভুলে না যাওয়া হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এই ইতিহাস ভুলে গেলে ভবিষ্যতে একই ধরনের ঘটনা আবার ঘটতে পারে।

এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, ক্ষমতায় টিকে থাকার স্বার্থে কোনো সিন্ডিকেট বা ঠিকাদার গোষ্ঠীকে সুবিধা দেওয়া উচিত নয়। একই সঙ্গে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঋণখেলাপি সংস্কৃতি বন্ধ এবং পাচার হওয়া অর্থ ফেরাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, আগামী পাঁচ বছরের জন্য একটি পরিকল্পিত ও জনমুখী বাংলাদেশ গড়ে তুলতে নেতৃত্ব দিতে হবে। কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিতে হবে।

টিএই/এফএ