images

রাজনীতি

যাকাত নিয়ে মনির বক্তব্য ইসলামবিদ্বেষী, ধৃষ্টতা: ছাত্রশিবির

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ মে ২০২৬, ০৯:১৭ পিএম

যাকাত সম্পর্কে বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। 
 
শনিবার (২ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ এ প্রতিক্রিয়া জানান। তারা বলেছেন, এ ধরনের বক্তব্য ‘চরম অজ্ঞতা ও ধৃষ্টতা’। 

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নিলোফার চৌধুরী মনি যাকাতের মতো ইসলামের একটি ফরজ বিধানকে তুচ্ছতাচ্ছিল্যের সঙ্গে উপস্থাপন করেছেন। একইসঙ্গে তিনি চাঁদাবাজিকে যাকাতের তুলনায় ‘উত্তম’ হিসেবে উল্লেখ করেছেন—যা শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হানে।

ছাত্রশিবির নেতারা বলেন, যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি এবং এটি দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত ও সামাজিক বৈষম্য দূর করার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। অন্যদিকে চাঁদাবাজি একটি অপরাধ, যা জুলুম ও অন্যায়ের শামিল। এ দুই বিষয়কে এক কাতারে তুলনা করা ‘চরম অজ্ঞতা ও ধৃষ্টতা’ বলেও মন্তব্য করেন তারা।

বিবৃতিতে বলা হয়, দেশের জনগণ সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জুলুম ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ প্রত্যাশা করে। কিন্তু উদ্বেগজনকভাবে এসব অনৈতিক কর্মকাণ্ড বিভিন্নভাবে অব্যাহত রয়েছে।

নেতারা অভিযোগ করেন, যখন রাজনৈতিক পর্যায় থেকে চাঁদাবাজিকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার মতো বক্তব্য আসে, তখন তা জনমনে বিভ্রান্তি তৈরি করে এবং নৈতিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে।

বিবৃতিতে নিলোফার চৌধুরী মনিকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিএনপিকে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করারও দাবি জানানো হয়।

এ ছাড়া ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

টিএই/ক.ম