images

রাজনীতি

নতুন ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’, ৪৫ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক

০২ মে ২০২৬, ০৬:০০ পিএম

শিক্ষার্থীদের অধিকার, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা এবং কর্মসংস্থানমুখী শিক্ষার দাবিতে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’। এটি জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)-এর সহযোগী সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে।

শনিবার (২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেডিপির সদস্য সচিব আব্দুল আলিম এই ছাত্রসংগঠনটির ৪৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, প্রজ্ঞা, সংগ্রাম ও সমৃদ্ধির মূলনীতিকে ধারণ করে একটি কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যেই জাতীয় ছাত্রমঞ্চের পথচলা। শিক্ষার্থীদের অধিকার, আত্মমর্যাদা এবং সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য।

ঘোষণাপত্রে ভাষা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক গণআন্দোলন পর্যন্ত শিক্ষার্থীদের সব সংগ্রামের ঐতিহ্য ধারণের কথা তুলে ধরা হয়। এর মধ্যে ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান ১৯৬৯, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন ১৯৯০-সহ বিভিন্ন ছাত্রআন্দোলনের অবদানের কথা উল্লেখ করা হয়।

নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শিক্ষাব্যবস্থা অনিয়ম, অদক্ষতা ও নীতিহীনতার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। পাশাপাশি ছাত্ররাজনীতি অনেক ক্ষেত্রে সহিংসতা, দখলদারিত্ব ও গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, যা শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

এ প্রেক্ষাপটে জাতীয় ছাত্রমঞ্চ ১১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিতকরণ, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন, জেন্ডার-সেফ ক্যাম্পাস, পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন, বেসরকারি শিক্ষায় বাণিজ্য নিয়ন্ত্রণ, বিদেশে উচ্চশিক্ষায় বৃত্তি বৃদ্ধি, গবেষণা সহায়তা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।

সংগঠনটির নেতারা জানান, তারা বাংলাদেশপন্থা, সংস্কারপন্থা ও সামাজিক গণতন্ত্রে বিশ্বাসী। জ্ঞান, যুক্তি ও সেবাভিত্তিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে চান তারা।  একইসঙ্গে ক্যাম্পাসে সন্ত্রাস ও সহিংস রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করা হয়।

ঘোষিত কমিটিতে প্রধান সমন্বয়কারী শাহ জামাল সায়েম, আহ্বায়ক স্মৃতি পাটোয়ারী, সদস্য সচিব আহনাফ আতিফ, প্রধান সংগঠক সালমান শরীফ এবং মুখপাত্র হিসেবে তাহসিন নাভিদ নির্ণয়ের নাম ঘোষণা করা হয়েছে।  এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিবসহ বিভিন্ন পদে অন্যান্য নেতার নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলন থেকে এই নতুন উদ্যোগের সঙ্গে যুক্ত হতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
 
এমআর/ক.ম