নিজস্ব প্রতিবেদক
০২ মে ২০২৬, ১২:৩০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বলেছেন, আমি সংসদে থাকি না থাকি আমি আমার দলের প্রতিনিধিত্ব সবসময় করব।
শনিবার (০২ মে) নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা দ্বারা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নুসরাত তাবাসসুম বলেন, গেজেট প্রকাশ হওয়ার পর শপথের বিষয় আসবে। দাপ্তরিক কাজ শেষ না হওয়া পর্যন্ত এতো দূরবর্তী চিন্তা করছি না।
তিনি আরও বলেন, আমি সংসদে থাকি, না থাকি আমি আমার দলের প্রতিনিধিত্ব সবসময় করব। আমি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি তা সবসময় মেনে চলব।
এনসিপির আইনজীবী জহিরুল ইসলাম মূসা বলেন, আইন অনুযায়ী এক দলের পক্ষ থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সুযোগ আছে। এনসিপির পক্ষ থেকে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। যার মধ্যে মনিরা শারমিনের মনোনয়ন আইনগত কারণে গ্রহণ করা হয়নি। আপিল করলে ইসি তার আপিলও খারিজ করে। তিনি এখন উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন সেখান থেকে ভিন্ন কোনো আদেশ আসলে ইসি ও দল হিসাবে এনসিপি তা অনুসরণ করবে।
জানা যায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পর ৩ বছর অতিবাহিত না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে ইসি। এরপরই তড়িঘড়ি করে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এমএইচএইচ/এএস