নিজস্ব প্রতিবেদক
০১ মে ২০২৬, ০৬:০৭ পিএম
আগামী এক বছরের মধ্যে বিএনপির প্রত্যেক কর্মীকে অন্তত দুজন করে নতুন সদস্য যুক্ত করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সংগঠনের শক্তি বাড়াতে এ উদ্যোগের বিকল্প নেই।
শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে নজরুল ইসলাম এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, যদি জিয়াউর রহমানকে আদর্শকে বাঁচিয়ে রাখতে চান, খালেদা জিয়া-র স্মৃতি রক্ষা করতে চান এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান, তাহলে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানো ছাড়া কোনো পথ নেই।
মে দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নজরুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে সবসময় শ্রমজীবী মানুষের একজন হিসেবে ভাবতেন। বিএনপির ইশতেহারেও শ্রমিকদের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা রয়েছে।
বিএনপির এই নেতা বলেন, আমি ১৯৭৮ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আজকের এই সফল সমাবেশ আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমার অনুরোধ, আগামী এক বছরে প্রত্যেকে অন্তত দুজন করে নতুন কর্মী যুক্ত করুন। সংগঠন বিস্তারের এই উদ্যোগের ব্যাখ্যা করে তিনি বলেন, আজ যদি এখানে তিন লাখ মানুষ উপস্থিত থাকে, তাহলে আগামী বছরে তা ৯ লাখে উন্নীত করা সম্ভব। এতে আমাদের শক্তি বহুগুণ বাড়বে।
নজরুল ইসলাম দাবি করেন, বিএনপি ও এর অঙ্গসংগঠন—যুবদল, শ্রমিক দল, ওলামা দলসহ সারাদেশের নেতাকর্মীরা যদি এই লক্ষ্য বাস্তবায়ন করতে পারেন, তাহলে রাজনৈতিকভাবে তাদের পরাজিত করা কঠিন হবে। তিনি বলেন, সংগঠন শক্তিশালী হলে নির্বাচনে আমাদের পরাজিত করার মতো কেউ থাকবে না।
এমআর/ক.ম