images

রাজনীতি

‘মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা অন্যায়’— সংসদে ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

জাতীয় সংসদে ৫ আগস্টের ঘটনাকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করার তীব্র সমালোচনা করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গভীরতা ও তাৎপর্যের সঙ্গে কোনো গণঅভ্যুত্থানের তুলনা করা যায় না এবং এমন তুলনা করাই অন্যায়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের যোদ্ধাদের আমি ছোট করে দেখছি না। যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আমি নিজেও এই আন্দোলনে ছিলাম। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমার যুদ্ধ চলবে বলেছিলাম। কিন্তু কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়, এটি হলো গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, আমি বলবো এটা অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ মহাসমুদ্রের চেয়েও গভীর।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম একদিনে হয়নি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন করেছিলেন। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই ১৯৭১ সালে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

সংসদে স্বাধীনতাবিরোধীদের উদ্দেশ্য করে এই প্রবীণ রাজনীতিক বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার থাকবে— ততদিন মুক্তিযোদ্ধারা জিতবে, রাজাকাররা কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না।

‘নিরপরাধ পুলিশ হত্যার বিচার হোক’

জাতীয় সংসদে ৫ আগস্ট-পরবর্তী সহিংসতায় নিরপরাধ পুলিশ সদস্যদের হত্যার ঘটনার বিচার দাবি করেছেন ফজলুর রহমান। তিনি বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি এবং কোনোভাবেই দায়মুক্তি দিয়ে এ ধরনের অপরাধকে আড়াল করা উচিত নয়।

তিনি বলেন, পুলিশের জন্য দেওয়া ইনডেমনিটি ৫ আগস্ট পর্যন্ত প্রযোজ্য হলেও; এরপর থানা লুট, পুলিশ হত্যা ও অস্ত্র লুটের ঘটনাগুলোর কোনো দায়মুক্তি থাকা উচিত নয়।

তিনি প্রশ্ন তোলেন, নিরপরাধ পুলিশ সদস্যদের হত্যা করা হলো কেন এবং লুট হওয়া অস্ত্র কোথায় গেল।

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ৫ আগস্টের পর সংঘটিত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া জরুরি।

পুলিশ সদস্যদের মানবাধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় কোনো অন্যায় হয়ে থাকলে তার বিচার হতে পারে, তবে তারাও নাগরিক—তাদের পরিবার ও এতিম সন্তানদের প্রতিও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।

এমএইচএইচ/এফএ