নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান তুলে ধরতে গিয়ে অন্যদের অবদানকে খাটো করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সংসদে আলোচনার সময় ফজলুর রহমান মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং জামায়াতের আমিরকে নিয়ে নেতিবাচক প্রশ্ন তোলেন বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। এর জবাবে তিনি সংসদে তীব্র প্রতিক্রিয়া জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বয়সে বড় একজন সংসদ সদস্য নিজের অবদান তুলে ধরতে গিয়ে অন্যের অবদানকে আঘাত করেছেন, যা গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ: ফজলুর রহমান
তিনি আরও অভিযোগ করেন, ফজলুর রহমান তার ব্যক্তিগত পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করাকে চ্যালেঞ্জ করা হয়েছে, পাশাপাশি জামায়াতে ইসলামীতে কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য থাকতে পারেন না—এ ধরনের মন্তব্য করা হয়েছে, যা নাগরিক অধিকারের পরিপন্থী।
ডা. শফিকুর রহমান বলেন, কে কোন দল করবে বা কোন আদর্শ গ্রহণ করবে, তা ব্যক্তির স্বাধীনতা। এতে রাষ্ট্র বা সংবিধান কারও হস্তক্ষেপের সুযোগ দেয় না। এ ধরনের মন্তব্যের তিনি তীব্র নিন্দা জানান।
তিনি স্পিকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সংসদে দেওয়া সংশ্লিষ্ট বক্তব্যের আপত্তিকর অংশ রেকর্ড থেকে বাদ দেওয়া হোক।
এআর