জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ পিএম
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে প্রধানমন্ত্রীর কাছে বিশেষ উদ্যোগ হিসেবে ‘কার্ড’ চালুর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, দেশে বিভিন্ন সমস্যার সমাধানে সরকার বারবার ‘কার্ড’ পদ্ধতি চালু করছে, তাই বড় সমস্যা চাঁদাবাজি ও দুর্নীতি দমনে এমন কার্ড চালু করা যেতে পারে।
সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বর্তমান সময়ে দেশের অন্যতম বড় সমস্যা চাঁদাবাজি ও দুর্নীতি। এসব থেকে মুক্তি পেতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন কোনো প্রক্রিয়া চালু করা উচিত।
এনসিপির কার্যক্রম নিয়ে তিনি বলেন, জনগণের সেবা করার লক্ষ্যে দলটির দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে গণহত্যা, ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের জন্য কোনো জায়গা থাকবে না।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের পর সরকার জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। শুধু গণভোটের রায় বাস্তবায়নেই নয়, রাষ্ট্র পরিচালনাতেও দুর্বলতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জ্বালানি পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, একদিকে সরকার তেলের পর্যাপ্ত মজুদের কথা বলছে, অন্যদিকে পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এছাড়া বিপুল পরিমাণ টাকা ছাপানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। ভোটারদের উদ্দেশ্যে তিনি আশ্বাস দিয়ে বলেন, তাদের দেওয়া প্রতিটি ভোট সুরক্ষিত রাখতে দলীয় কর্মীরা কেন্দ্রে সক্রিয় থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ, ইসহাক সরকারসহ অন্য নেতারা।
টিএই/এআর