images

রাজনীতি

সংসদে নিজের ওপর হামলার বিচার ও নিরাপত্তা চাইলেন জামায়াত এমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৬, ১২:২১ এএম

নিজের ওপর হামলার ঘটনা জাতীয় সংসদে তুলে ধরে নিরাপত্তা ও বিচার চেয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত এমপি মাছুম মোস্তফা। 

রোববার (২৬ এপ্রিল) সংসদে ফ্লোর নিয়ে নিরাপত্তার পাশাপাশি তিনি ওই ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে শুক্রবার সন্ধ্যায় (২৪ এপ্রিল) পূর্বধলা উপজেলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে মাছুম মোস্তফার ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

সংসদে হামলার ঘটনার বিবরণ তুলে ধরে এমপি মাছুম মোস্তফা জানান, তিনি একটি ফিলিং স্টেশনে মানুষ ভিড় দেখে সেখানে দাঁড়ান। গাড়ি রেখে মানুষের খোঁজখবর নেন। এর মধ্যে মাগরিবের নামাজের আজান হলে ফিলিং স্টেশনের নামাজের নির্ধারিত জায়গায় নামাজ পড়তে যান। তিনি বলেন, ‘এই মুহূর্তে বিএনপির কিছু লোক আমার গাড়ির ওপর হামলা চালায়।’

মাছুম মোস্তফা বলেন, ভাঙচুরের শব্দ শুনে আমার লোকজন এলে তাদের ওপরও হামলা চালানো হয়। মসজিদে গিয়ে আমাকে খুঁজে বের করার চেষ্টা করে তারা। এ সময় মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন। মসজিদের দরজা ভাঙার জন্য বিভিন্ন অস্ত্র দিয়ে দরজার ওপর আঘাত করে হামলাকারীরা। ওই সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টা করেন।

এই এমপি বলেন, আমি শুনতে পাই, সেখানে পেশাদার কিলার দেওয়া হয়েছিল; যাতে আমাকে হত্যা করা হয়। মসজিদের মুসল্লিদের প্রতিরোধের মুখে তারা দরজা ভাঙতে পারেনি বলে আজকে মাননীয় স্পিকার আপনার সামনে দাঁড়ানোর সুযোগ হয়েছে। তা না হলে হয়তো আমার জন্য এখানে শোক প্রস্তাব আনতে হতো।

মাছুম মোস্তফা স্পিকারের উদ্দেশে বলেন, আমি আপনার কাছে আমার ও আমার পরিবারের নিরাপত্তা চাই। আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার এলাকার সংগঠনের কর্মীদের নিরাপত্তা চাই।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘পত্রিকায় দেখেছি, এ ঘটনায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে।’ 

জবাবে মাছুম মোস্তফা বলেন, ‘পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদের মধ্যে একজন শুধু তালিকাভুক্ত আসামি, বাকিরা নিরপরাধ। ৯ জন জামিনে চলে এসেছে। আর যারা আসামি ছিল, তারা সবাই মিছিল করছে।’ তিনি আসামিদের গ্রেফতার এবং বিচারের দাবি জানান।

পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যে ব্যাপারটা ঘটেছে, সেটা অত্যন্ত দুঃখজনক।’ 

সংসদ নেতার উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনার যেন সুষ্ঠু একটি তদন্ত হয়, সেটা আমি নিশ্চিত করব। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হবে।’

টিএই/এএইচ