images

রাজনীতি

‘ক্যাম্পাসে উত্তেজনা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ঝুঁকিতে ফেলছে’

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনৈতিক উত্তেজনা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ঝুঁকির মুখে ফেলছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

শনিবার (২৫ এপ্রিল) মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এক বৈঠকে এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষা ও গবেষণার জন্য পরিচিত হলেও দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বারবার আলোচনায় আসছে রাজনৈতিক সংঘাতের কারণে। এতে একদিকে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানের সামগ্রিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

মাওলানা ইউনুস বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পরিস্থিতির পরিবর্তন প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাবলি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দলীয় আধিপত্য বিস্তারের প্রবণতা থেকে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ঝুঁকির মুখে ফেলছে।’

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, ‘একটি স্বাধীন ও আধুনিক রাষ্ট্রে ছাত্র রাজনীতি হওয়া উচিত জ্ঞান, গবেষণা ও দক্ষতা বিকাশকেন্দ্রিক। কিন্তু বাস্তবে তা অনেক ক্ষেত্রে দলীয় নির্ভরশীলতায় রূপ নিয়েছে। এই প্রবণতা থেকে বেরিয়ে না এলে শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা ফিরে আসবে না।’

বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃঢ়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোর প্রতি শিক্ষাবান্ধব, সহনশীল ও গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি চর্চার তাগিদ দেওয়া হয়।

কোনো অবস্থাতেই ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না বলেও সতর্ক করেন মাওলানা ইউনুস আহমদ।

এম/এএইচ