জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পিএম
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘অধ্যাপক মাসুম মোস্তফা একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফেরার পথে স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ আদায়ের জন্য গাড়ি থামান। এ সময় শতাধিক দুর্বৃত্ত অতর্কিতে তার গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং মসজিদ ঘেরাও করে প্রায় এক ঘণ্টা তাকে ও তার সঙ্গে থাকা লোকজনকে অবরুদ্ধ করে রাখে।’
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সারাদেশে চলমান পরিস্থিতির মধ্যে এ ধরনের হামলা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি। তিনি অভিযোগ করেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা দেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করতে চায়।’
বিবৃতিতে তিনি আরও বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার শামিল। পরিকল্পিত এ হামলা কেবল একজন ব্যক্তির ওপর নয়, বরং সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
টিএই/এমআই