images

রাজনীতি

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ এএম

আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

ফেডারেশনের সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান আনুষ্ঠানিকভাবে কর্মসূচি তুলে ধরেন।

কর্মসূচি ঘোষণার আগে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং সমস্যার স্থায়ী সমাধানে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে সংগঠনের নেতাদের বিভিন্ন সময় রাষ্ট্রীয় চাপের মুখে পড়তে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবুও শ্রমিক স্বার্থ রক্ষায় তারা কখনো পিছপা হননি এবং ভবিষ্যতেও হবেন না বলে জানান।

তিনি বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ পথচলায় শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—দেশের জেলা, উপজেলা ও থানা পর্যায়ে র‌্যালি ও শ্রমিক সমাবেশ; জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও ট্রেড ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা; লিফলেট বিতরণ ও পোস্টারিং; বিভিন্ন পর্যায়ে ব্যানার-ফেস্টুন টানানো; পেশাভিত্তিক শ্রমিক সমাবেশ ও বনভোজনের আয়োজন।

এছাড়া শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময়, গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠক, অসচ্ছল শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান, বেকার শ্রমিকদের কর্মসংস্থানে সহায়তা এবং শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণের মতো কর্মসূচিও রয়েছে।

একই সঙ্গে সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এবং ইমাম ও খতিবদের মধ্যে ‘শ্রমিকদের অধিকার ও মর্যাদা’ বিষয়ক খুতবা বিতরণের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

টিএই/জেবি