নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। মালয়েশিয়ায় চলছে তাঁর নিয়মিত ফিজিওথেরাপি, আর পরিবার বলছে—উন্নতি হচ্ছে চোখে পড়ার মতোই।
স্ত্রী আফরোজা আব্বাস মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে জানান, প্রতিদিনই মির্জা আব্বাসকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। আল্লাহর অশেষ রহমতে এখন তাঁর অবস্থা আগের চেয়ে অনেক ভালো। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
গত ১১ মার্চ, রোজার মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। দ্রুত তাঁকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি দল জরুরি অস্ত্রোপচার করে তাঁর মস্তিষ্কে।
অস্ত্রোপচারের পরও থেমে থাকেনি চিকিৎসা। চার দিন পর, ১৫ মার্চ, তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে। জেনারেল হাসপাতালে এক মাসের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যায় ছিলেন তিনি। চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানেই তাঁর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটে।
চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাঁকে নেওয়া হয় মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে। এখন সেখানে চলছে নিয়মিত ফিজিওথেরাপি, যা তাঁর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দীর্ঘ এই চিকিৎসা-প্রক্রিয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন মির্জা আব্বাস। পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা—এই লড়াই শেষে তিনি আবারও পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন সক্রিয় জীবনে।
এআর