images

রাজনীতি

রাষ্ট্রজুড়ে অব্যবস্থাপনা, সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান: ইউনুস আহমাদ

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম

রাষ্ট্রের বিভিন্ন খাতে চলমান অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারকে দ্রুত কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার দায়িত্ব নেওয়ার দুই মাস পার হলেও রাষ্ট্র পরিচালনায় দৃশ্যমান অগ্রগতি নেই; বরং বিভিন্ন খাতে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা স্পষ্ট হয়ে উঠছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইউনুস আহমদ বলেন, জ্বালানি ব্যবস্থাপনায় সাম্প্রতিক যে বিশৃঙ্খলা দেখা গেছে, তা দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। সরকারের দাবি অনুযায়ী তেলের মজুদ পর্যাপ্ত থাকলেও বাস্তবে সাধারণ মানুষকে তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এবং চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির পর পরিবহন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা মোকাবিলায় সরকারের কার্যকর কোনো কর্মপরিকল্পনা দৃশ্যমান নয়।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিদ্যুৎ সরবরাহে ঘন ঘন লোডশেডিং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব সংকট উত্তরণে মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকারের দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন।

গত ঈদে গণপরিবহন ব্যবস্থাপনায় নজিরবিহীন বিশৃঙ্খলার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ব্যাংকিং খাতে আস্থার সংকট পুনরায় দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারকে রাষ্ট্র পরিচালনায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

জননিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে ইউনুস আহমদ বলেন, নির্বাচনের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে হতাশায় রূপ নিচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম, লোকমান হোসেন জাফরী, মুফতি দেলওয়ার হোসাইন সাকী, মুফতি মোস্তফা কামাল, ডা. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, মাওলানা মানসুর আহমেদ সাকী, কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।

এমআর/এআর