নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু বলেন, ‘রাজনৈতিক প্রতিশ্রুতি বা কমিটমেন্টের জায়গাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠিক রেখেছে। জোট রাজনীতিতে কমিটমেন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের সংরক্ষিত নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এনসিপি ও জামায়াতকে ধন্যবাদ জানিয়ে মিতু বলেন, আমি এনসিপি থেকে জোটের মনোনীত প্রার্থী। এজন্য এনসিপির আহ্বায়কসহ অন্যদের ধন্যবাদ জানাই। তারা আমাকে যোগ্য মনে করে দল থেকে মনোনয়ন দিয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই যে, পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা তারা ঠিক রেখেছে। কেননা জোট মানে কমিটমেন্ট। দেশের ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ছিল আমাদের। সেই প্রতিশ্রুতি ঠিক রেখেছে জামায়াত।
তিনি বলেন, অনেক বড় বড় দলেও জোট করেছে। কিন্তু প্রতিশ্রুতি ঠিক রাখতে পারেনি তারা। কেননা অনেক বেশি আসন থাকার পরও তারা জোটের প্রার্থীদের সেভাবে সম্মান করেনি। এ জায়গা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন।
শুধুমাত্র জুলাইয়ের কারণে এখানে আসতে পেরেছেন জানিয়ে এনসিপির এই নেত্রী বলেন, জামায়াতে ইসলামী ও জোটের সিদ্ধান্তমতে আমাদের সঙ্গে শহীদ পরিবারের একজন তথা শহীদ জাবিরের মা রয়েছেন। কারণ আমরা জুলাইয়ের ওপর দাঁড়িয়ে আছি। তাই এখানে শহীদ পরিবারের একজন থাকা অনেক বড় বিষয়। এছাড়া জোটের অন্যান্য নারীরাও রাজনৈতিক দিক থেকে অনেক অভিজ্ঞ। আশা করি আমাদের এ পথচলা খুবই সুন্দর হবে।
নারীদের নিয়ে কাজ করার প্রত্যয় রেখে মিতু বলেন, ‘আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নারীদের সামাজিক সুরক্ষা-নিরাপত্তা, স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করবো। পাশাপাশি আইন প্রণয়নের ক্ষেত্রে যেসব ভূমিকা রাখা দরকার, সেসবও জনকল্যাণের স্বার্থে আমরা করতে পারবো ইনশাআল্লাহ।’
এম/এমআই