নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া নিয়ে ক্ষমতাসীন বিএনপি তাদের জোটসঙ্গীদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার (২০ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।
সারজিস আলমের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো, বিএনপি তার জোট শরিকদের সাথে প্রতারণা করেছে। অভ্যুত্থানের আগে থেকে শুরু করে সর্বশেষ নির্বাচন পর্যন্ত তারেক রহমান নিজে অসংখ্যবার জাতীয় সরকারের কথা বলেছেন। সে হিসেবে আমরা ভেবেছিলাম শক্তিশালী জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদে বিরোধী দল থেকেও একাধিক জনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে! কিন্তু বিরোধীদল তো দূরের কথা, সরকারি দল তার নিজেদের জোট সঙ্গীদেরকেই মন্ত্রিপরিষদে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে জায়গা করে দিতে পারেনি। ২৫ জন মন্ত্রীর মধ্যে তাদের জোট সঙ্গী অন্য দলগুলো থেকে অন্তত ১ জন মন্ত্রী দেওয়ার মতো উদারতাও দেখাতে পারেনি।
আজকে যখন সংরক্ষিত মহিলা আসনে সরকারি দল এবং বিরোধী দল থেকে মনোনয়ন দেওয়া হল তখনও বিএনপি জোট শরিকদের সাথে ফের প্রতারণা করেছে এবং ন্যূনতম উদারতা দেখানোর মানসিকতা প্রদর্শন করতে পারেনি।
বিএনপির ৩৬টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ৩৬টি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে।
দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের দলীয় প্রধানের কমিটমেন্ট যখন এত ঠুনকো হয় তখন তা আমাদেরকে আশাহত করে।
অথচ দল হিসেবে জামায়াত মাত্র ১২টি সংরক্ষিত আসন পেলেও সেখান থেকে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে ১টি করে মোট ৩টি আসন ছেড়ে দেওয়ার মতো উদারতা দেখিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে এই কমিটমেন্ট এবং উদারতা দৃষ্টান্ত হয়ে থাকবে।
এম/এআরএম